বাউফলে আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলায় আদালতের স্থিতিশীলতার আদেশকে উপেক্ষা করে টিনসেট ঘর সংস্কারের নামে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মতলেব গাজী ও তার ছেলে হাইকোর্ট সহকারী প্রোগ্রামার হাসার গাজীর বিরুদ্ধে। তারা উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মতলেব গাজী, ছোকানু বেগম ও রাবেয়া বেগম গং-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে রাবেয়া বেগম গং বাদী হয়ে পটুয়াখালী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের কোনো ধরনের কাজের ওপর স্থিতিঅবস্থা জারি করেন।
গত ১৭ মার্চ মতলেব গাজী আদালতে আবেদন করেন যে, পুরানো টিনের ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাই সংস্কারের অনুমতি চান। আদালত আবেদন মঞ্জুর করে শুধুমাত্র টিনের ঘর সংস্কারের আদেশ দেন। কিন্তু এ আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মতলেব গাজী ও তার ছেলে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন।
আদালত বন্ধ থাকায় বাদী পক্ষ পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আবেদনের প্রেক্ষিতে বাউফল থানা পুলিশ গত শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযুক্তরা তা অমান্য করে কাজ চালিয়ে যান।
এ সময় পুলিশের সঙ্গে মতলেব গাজীর লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ কোনো আদেশ না দিয়ে স্থান ত্যাগ করেন।
বাউফল থানার এসআই মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মতলেব গাজীকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। উভয় পক্ষকে থানায় আসার নির্দেশ দেওয়া হয়। বাদী পক্ষ হাজির হলেও বিবাদী পক্ষ মতলেব গাজী ও তার ছেলে উপস্থিত হননি।




Comments