Image description

বরগুনার বেতাগী উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে প্যান্ডেল সাজিয়ে ঘটা করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালনের খবর পাওয়া গেছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

রোববার রাত ১০টার দিকে রেজাউল কবির রেজা তার ফেসবুক প্রোফাইলে অনুষ্ঠানের একটি ৪ মিনিটের ভিডিও আপলোড করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের ২য় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে... ধন্যবাদ তোমাদের সবাইকে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেজাউল কবির রেজা বলেন, ‘আমাদের ঈদ সেদিনই হবে, যেদিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব। তার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে।’

অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। তারা নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে দোয়া চান। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানও মুঠোফোনে বক্তব্য রাখেন। তিনি ৫ আগস্টের পরবর্তী সময়ে রাজপথে সক্রিয় থাকার জন্য বেতাগী উপজেলা ছাত্রলীগের প্রশংসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদারের নেতৃত্বে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে প্যান্ডেল সাজিয়ে অনুষ্ঠান করল, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। আমাদের ধারণা, প্রশাসনের গোপন সহায়তায় তারা এই ধৃষ্টতা দেখিয়েছে। বিষয়টি আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।’

তবে অভিযোগ অস্বীকার করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কোনো অনুষ্ঠান হওয়ার খবর আমাদের জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়েছে, তা সম্ভবত কোনো পুরোনো ভিডিও।’

মানবকণ্ঠ/ডিআর