লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক নামে অপর এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় একজন গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে গত সোমবার থেকে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের মিতুলের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় পথচারী আব্দুর রহিম পায়ে গুলিবিদ্ধ হন এবং মানিককে চেইন দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম সৌরভ জানান, গুলিবিদ্ধ আব্দুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মানিককে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার ও একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments