শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় বিপজ্জনকভাবে ২৫ হাজার লিটার ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জননিরাপত্তার স্বার্থে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত জ্বালানি তেল ও মজুত করার ট্যাংকটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ এর গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোপালবাড়ী এলাকার একটি আবাসিক ভবনের নিচে বিশাল আয়তনের ট্যাংক বানিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র বা অগ্নিনিরাপত্তার নিয়ম না মেনেই ঘনবসতিপূর্ণ এলাকায় এই দাহ্য পদার্থের ব্যবসা চালানো হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, “বিল্ডিংয়ের বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী শুক্রবার বিকেলের মধ্যে সমস্ত তেল সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তেল সরানোর প্রক্রিয়া চলাকালেও আমাদের কঠোর নজরদারি থাকবে।”
এছাড়াও ওই প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবসায়িক লাইসেন্স ও কাগজপত্র সঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিপজ্জনক মজুতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments