কলাপাড়ায় চলাচলের রাস্তায় কাঁটা দিয়ে বেড়া, গৃহবন্দী ৪ পরিবার
পটুয়াখালীর কলাপাড়ায় চলাচলের রাস্তায় কাঁটা দিয়ে বেড়া দিয়ে ৪টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এক প্রতিবেশি। এ ঘটনায় প্রায় ১০ দিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পরিবারগুলোর সদস্যরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাহেপুর গ্রামের ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নং খাস খতিয়ানের ওই চলাচলের রাস্তা নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে ১০ দিন আগে কাঁটা দিয়ে বেড়া দেয় হযরত আলী নামের এক ব্যক্তি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের সদস্যরা। এছাড়া প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই তৃতীয়াংশ কেটে পুকুর তৈরী করেন তিনি। পরে বেশ কিছুদিন তারা কবরস্থানের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করলেও সোমবার ভোরে অপর প্রতিবেশি সামসুল হক সিকদার জাল দিয়ে সেটিও বন্ধ করে দেয়। এতে গৃহবন্দী হয়ে পড়ে ওই চারটি পরিবার।
ভুক্তভোগী আ. খালেক মুসুল্লি বলেন, আমরা ১৯৭৪ সাল থেকে এখানে থাকতেছি কোন সমস্যা ছিলনা। এরা ১৯৮৩ সালে আসে এখানে, তারপর থেকেই আমাদের অশান্তি লেগেই আছে। এখন আমরা এই চারটি পরিবার ঘর থেকেও বের হয়ে রাস্তায় যেতে পারছিনা, তাও বেড়া দিয়ে রাখছে। এরা কোন শালিস, আইন কিছুই মানেনা।
এ বিষয় মো. হয়রত আলী বলেন, গ্রামে সালিস বৈঠকে ফয়সালার মাধ্যমে রাস্তায় বেড়া দেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, এ ঘটনার বিষয়ে জানতে ঘটনাস্থলে তহসীলদারকে পাঠিয়েছি। তার কাছ থেকে বিস্তারিত জেনে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments