হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকার হিসাব মেলাতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। দোকানের বাকির পাওনা টাকা ১৮৫ নাকি ৩০—এই সামান্য অংক নিয়ে শুরু হওয়া বিবাদে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই অদ্ভুত ও ভয়াবহ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের দোকানদার জালাল মিয়ার কাছ থেকে কিছু মালামাল বাকি কিনেছিলেন রসম আলী। সোমবার পাওনা টাকা পরিশোধের সময় বিবাদের সূত্রপাত হয়। জালাল মিয়া দাবি করেন, রসম আলীর কাছে তার পাওনা ১৮৫ টাকা। অন্যদিকে রসম আলীর দাবি, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।
এই সামান্য টাকার গরমিল নিয়ে প্রথমে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই এই বিবাদ দুই পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং পাল্টাপাল্টি ধাওয়ায় নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments