Image description

৫ আগস্টের পটপরিবর্তনের পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দায়েরকৃত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক রুমানা আক্তার তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ১৯ জন নেতাকর্মী মোট তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন।

কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দুটি মামলা এবং পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। আজ সেই তিন মামলায় এই ১৯ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।