Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন এক বিএনপি নেতা।

মামলার বাদী সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রকাশ্যে এক বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধর্মবিদ্বেষী ও নাস্তিক হিসেবে অভিহিত করেছেন। এই বক্তব্যে মন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানি মামলাটি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়েছেন এবং পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদী পক্ষ জানায়, একজন সিনিয়র রাজনৈতিক নেতা ও সরকারের দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। আইনের মাধ্যমেই এর উপযুক্ত বিচার নিশ্চিত করতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

মানবকণ্ঠ/আরআই