ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে একাত্তরের তাজা মর্টার শেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি তাজা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।
এর আগে রোববার (২৯ মার্চ) দুপুরে ওই গ্রামের বাসিন্দা এমদাদুল বারীর বাড়িতে পুকুর সংস্কারের জন্য মাটি কাটার সময় শ্রমিকদের কোদালের আঘাতে ভারী ধাতব বস্তুটি উঠে আসে। পরে পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে।
বাড়ির মালিক এমদাদুল বারী জানান, দীর্ঘ ৪০ বছর পর পুকুরটি পুনরায় খনন করা হচ্ছিল। ১৯৭১ সালে তাদের এই পরিত্যক্ত বাড়িতে পাকিস্তানি সেনাদের (পাঞ্জাবি) ক্যাম্প ছিল এবং সেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়েছিল। তাদের ধারণা, উদ্ধারকৃত মর্টার শেলটি সেই যুদ্ধের সময়কার। এমদাদুল বারীর ছেলে আশরাফুল বারী ইমন ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি প্রশাসনকে জানান।
সদর থানার এএসআই হাসমত আলী জানান, সেনাবাহিনীর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ‘আর্টিলারি শেল ডিসপোজাল ইউনিট’ ঘটনাস্থলে এসে এটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করবে। বর্তমানে পুলিশ স্থানটি দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
মানবকণ্ঠ/আরআই




Comments