পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। জনপ্রতি ৫ হাজার টাকা করে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে এক যুব নেতা বাধার মুখে পড়েন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগেই শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে দাবি করছে কলেজ কর্তৃপক্ষ। এই অনিয়মের প্রতিবাদে যুব অধিকার পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষকরা তাকে বাধা দেন। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন। তিনি দাবি করেন, বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগের জন্য ২,৯৯৫ টাকা এবং অন্য বিভাগের জন্য ২,৫৯৫ টাকাই রাখা হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীর টিউশন ফি ও অন্যান্য খাতে দীর্ঘদিনের বকেয়া থাকায় তা ফরম ফিলাপের সময় পরিশোধ করতে বলা হয়েছে। অনেকের ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া আছে বলেও তিনি জানান।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। তিনি বলেন, "অভিযোগকারীরা আমার কাছে এসেছিলেন। ফরম ফিলাপের নামে কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/আরআই




Comments