ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে এক সড়ক দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি রাজসুরত এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক সহায়তায় আহতদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট নিরসন করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
মানবকণ্ঠ/আরআই




Comments