Image description

পাবনার ঈশ্বরদীতে  ইমরান হোসেন সোহাগ ২৬)) নামে নামে এক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।  বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্য সচিব   ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দূর্বৃত্তরা  মুখে কালো কাপড় বেধে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।