চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৪০ ডিগ্রিতে
টানা তাপপ্রবাহে পুড়ছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে জনজীবন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৩১ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পহেলা এপ্রিল অর্থাৎ বুধবার তা বেড়ে দাঁড়ায় ৩৬.৩ ডিগ্রিতে। বৃহস্পতিবার ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় নাম লেখায়।
শুক্রবার সকালেও একই ধারা বজায় ছিল। বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, তবে বিকেল ৩টায় তা একলাফে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।
প্রখর রোদের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তপ্ত রোদ উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ঘরের ভেতরেও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এপ্রিলের শুরু থেকেই জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments