Image description

খুলনার রূপসায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লিলি কুণ্ডু (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিলি কুণ্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের অমর কুণ্ডুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিলি কুণ্ডু চোখের সমস্যার কারণে খুলনার আই হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে স্বামী অমর কুণ্ডুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলের পেছনে থাকা লিলি কুণ্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী অমর কুণ্ডুও মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কুদিরবটতলা এলাকা থেকে চালক সাগরকে (২৬) আটক করা হয়েছে। বর্তমানে বাসটি পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর