Image description

দেশের একদিকে দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী। পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকাও তাপদাহের আওতায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই বৈচিত্র্য দেখা দিচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সেজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।  এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

৫ এপ্রিল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

৭ এপ্রিল থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী পাঁচ দিনের মধ্যে প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও সর্তক করেছে আবহাওয়া অধিদপ্তর।