বৃষ্টিভেজা সড়কে বেপরোয়া গতি, পদ্মা সেতু দক্ষিণে বাস দুর্ঘটনায় আহত ৬
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে।এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে শিবচর উপজেলার তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি সকাল থেকে টানা হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বাসটি দুলতে দুলতে ডিভাইডারে উঠে গেলে চারপাশে চিৎকার ও হট্টগোল শুরু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে আঘাতের খবর পাওয়া গেছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম (পিপিএম) জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও বৃষ্টিজনিত পিচ্ছিল সড়ককে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments