সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকার ‘টিএফ ফ্যাশন’ নামের কারখানাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহিত জসীম কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর গড়িয়ে গেলেও জসীম কারখানার প্রধান ফটক না খোলায় বাইরে অপেক্ষমাণ শ্রমিকদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং মশারির ভেতর থেকে জসীমের নিথর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments