বাগেরহাটে অ্যাম্বুলেন্সের তেল চড়া দামে বিক্রি, চালককে জরিমানা
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি অ্যাম্বুলেন্সের জ্বালানি ট্যাংক থেকে চড়া দামে পেট্রল বিক্রির অভিযোগে চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা শেখপাড়া এলাকার চালক মো. হানিফ তালুকদার তাঁর অ্যাম্বুলেন্সের তেলের ট্যাংক থেকে পেট্রল বের করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার সত্যতা পাওয়ায় চালক হানিফ তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও মো. হাবিবুল্লাহ জানান, সংকটকালে জ্বালানি তেল নিয়ে কারসাজি বা চড়া দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments