মাদারীপুর পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শহীদ বাচ্চু সড়কটি বর্তমানে সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা ‘পুরান বাজারে’ যাতায়াতের প্রধান এই পথটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের তরমুগুরিয়া, মাস্টার কলোনি ও আমিরাবাদ সংলগ্ন বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে পুরো এলাকা। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে রিকশা, ভ্যান ও অটোরিকশা।
তরমুগুরিয়া এলাকার স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন মাতুব্বর ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুরান বাজারে যাওয়ার জন্য এটিই আমাদের একমাত্র সড়ক। এই সড়কের পাশে একাধিক মসজিদ ও স্কুল রয়েছে। অথচ ভাঙাচোরা রাস্তার কারণে আমাদের যাতায়াত করতে জানমাল হাতে নিয়ে চলতে হয়। আমরা অবিলম্বে এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”
মাস্টার কলোনি ও আমিরাবাদ এলাকার ব্যবসায়ী সাগর এবং জুবায়ের হোসেন জানান, শহরের মাঝখানে এমন গুরুত্বপূর্ণ একটি সড়কের এই করুণ দশা মাদারীপুরবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংস্কারের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না।
এ বিষয়ে মাদারীপুর পৌরসভার সচিব ফিরোজ আহমেদ বলেন, “শহীদ বাচ্চু সড়কের খারাপ অবস্থার বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগিরই সড়কটির মেরামত কাজ শুরু হবে বলে আমরা আশা করছি।”
পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপই এখন ভুক্তভোগী সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা।
মানবকণ্ঠ/ডিআর




Comments