রাজশাহীর দুর্গাপুর পৌরসভার সদর ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সিংগা–বহরমপুর লিংক রোডটি দীর্ঘ প্রায় ১৮ বছরেও কোনো সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। কাদা, ময়লা ও জমে থাকা পানির কারণে রাস্তাটি এখন যেন এক দুর্গন্ধময় ভাগারে পরিণত হয়েছে।
এ রাস্তাটি দিয়ে দুর্গাপুর পৌরসভা ও মাড়িয়া ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় বর্তমানে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় হারিয়ে গেছে এর মূল অবয়ব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প বৃষ্টিতেই পুরো রাস্তাজুড়ে পানি জমে থাকে। প্রয়োজনের তাগিদে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে সেই পানি ভেঙেই যাতায়াত করছেন। বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।
স্থানীয় ভ্যানচালক রাব্বেল বলেন, “এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। দুই-এক দিন পরপরই গাড়ি নষ্ট হয়ে যায়। ঠিকমতো ভাড়া পাওয়া যায় না, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কাদা আর পানির মধ্যে গাড়ি চালানো একেবারে অসম্ভব হয়ে গেছে।”
একজন স্কুলছাত্রীর অভিভাবক জানান, “বৃষ্টির দিনে আমার সন্তান স্কুলে যেতে চায় না। কাদা আর পানির মধ্যে দিয়ে যেতে হয়। এতে করে নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতারা আসতে চায় না। দ্রুত সংস্কার না হলে আমরা আরও বড় ক্ষতির মুখে পড়বো।”
এলাকাবাসীর অভিযোগ, নিচু রাস্তা হওয়ায় এবং কোনো কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘ সময় জমে থাকে। ফলে সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ বলেন, “রাস্তাটির দুরবস্থার বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।”
এদিকে, দ্রুত কাজ শুরু করে টেকসইভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সিংগা–বহরমপুর লিংক রোডটি আবারও চলাচলের উপযোগী হবে।




Comments