পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ সুজন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সুজন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
সুজন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাউফল থানার এসআই মাসুদুর রহমান ও এসআই রবিন খাবার খাওয়ার জন্য হাসপাতাল এলাকায় যান। তাদের উপস্থিতি টের পেয়ে চায়ের দোকানে বসে থাকা সুজন আতঙ্কিত হয়ে একটি প্যাকেট পাশের সরকারি কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো ওই প্যাকেটটি উদ্ধার করে। পরে প্যাকেটটি খুলে তার ভেতর থেকে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সুজনের সঙ্গে আরও দুই যুবক ছিল, যারা পুলিশের আসার আগেই সেখান থেকে চলে যায়। সুজন একা বসে চা-সিগারেট খাচ্ছিল এবং পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে মাদক ফেলে দেয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুরো উপজেলায় এ ধরনের কঠোর অবস্থান বজায় রাখা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments