Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই ভাই কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র ছিল এবং পরিবারের সঙ্গে রায়েরটেক এলাকার নিজাম খানের বাসায় ভাড়া থাকত।

নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান জানান, শুক্রবার মাদ্রাসার ছুটির দিন হওয়ায় দুই ভাই মিলে বাড়ির পাশে পুকুরপাড়ে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি পুকুরে পড়ে গেলে এক ভাই সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তাকে বাঁচাতে অন্য ভাই এগিয়ে গেলে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। সন্তানদের হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন শোকাতুর এই পিতা।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক নারীর চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করেন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর