Image description

জ্বালানি তেল সংগ্রহ করতে অভিনব এক পন্থার দেখা মিলল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। শনিবার সকালে পেট্রোল দেওয়ার কথা থাকলেও সিরিয়াল ধরে রাখতে শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়েছে শিশুদের চার্জার চালিত ছোট ছোট খেলনা মোটরসাইকেল। ফুলবাড়ী বাজারের ‘স্বপন ট্রেডার্স’ ফিলিং স্টেশনের সামনে এই ব্যতিক্রমী দৃশ্য দেখে পথচারী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে পাম্পগুলোতে তেল আসার আগেই দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট এড়াতে এবং নিজের সিরিয়ালটি নিশ্চিত করতে অনেক মোটরসাইকেল চালক এই প্রতীকী পদ্ধতি বেছে নিয়েছেন। তারা নিজেদের আসল বাইকের বদলে শিশুদের খেলনা বাইক বা প্লাস্টিকের ছোট গাড়ি লাইনে সাজিয়ে রেখেছেন।

লাইনের শুরুতে একটি শিশুদের চার্জার বাইক রাখা নুর ইসলাম নামে এক চালক জানান, শনিবার সকাল ৯টায় পেট্রোল দেওয়া হবে। কিন্তু আগে না দাঁড়ালে তেল পাওয়া অনিশ্চিত। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং সিরিয়াল নিশ্চিত করতে তিনি আপাতত বাচ্চার খেলনা মোটরসাইকেলটি লাইনে রেখে গেছেন। তেল দেওয়ার সময় তিনি এটি সরিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে আসবেন।

ব্যতিক্রমী এই দৃশ্য দেখে অনেক পথচারী ভিড় করছেন এবং ছবি তুলছেন। অনেকে এটিকে সংকটের এক করুণ প্রতিফলন হিসেবে দেখলেও কেউ কেউ বিষয়টিকে বেশ মজাদার বলে মন্তব্য করছেন। এ বিষয়ে স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহাদত হোসেন স্বপন কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তেলের লাইনে মানুষের বদলে খেলনা বাইকের এই অবস্থান এখন পুরো ফুলবাড়ী উপজেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি যেমন মানুষের অসহায়ত্বের কথা বলছে, তেমনি জ্বালানি সংকটের ভয়াবহতাকেও ফুটিয়ে তুলেছে।

মানবকণ্ঠ/ডিআর