যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বসতে দুটি কড়া শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ স্পষ্ট জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্পিকার কলিবফ জানান, পূর্বে সম্মত হওয়া বেশ কিছু পদক্ষেপের মধ্যে এই দুটি বিষয় এখনও অবাস্তবায়িত রয়ে গেছে। তাই আলোচনা শুরুর আগেই এই শর্তগুলো পূরণ করতে হবে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিলেও, ইরানের প্রতিনিধি দলের যাওয়ার বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তেহরানের আলোচক দল শর্ত পূরণের ওপরই বেশি জোর দিচ্ছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হবে। ইসরায়েলি বোমা হামলার কারণে সম্প্রতি অর্জিত দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার যে আন্তর্জাতিক শঙ্কা তৈরি হয়েছে, মূলত তার মাঝেই এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
মানবকণ্ঠ/আরআই




Comments