রংপুরে চার হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আলোচিত সব অপরাধের আসামিদের অত্যন্ত দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রায় প্রতিটি অপরাধের ক্ষেত্রে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো উল্লেখযোগ্য অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের অন্যতম বড় কৃতিত্ব।’ রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ঘটনাটি ঘটার পরপরই পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক চাঞ্চল্যকর অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, ‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হয়তো সম্ভব নয়, তবে আমরা পুলিশ বাহিনীকে এমন এক পর্যায়ে নিয়ে যাবো যাতে তারা জনগণের শতভাগ আস্থা ও প্রত্যাশা পূরণে সক্ষম হয়।’ তিনি প্রতিশ্রুতি দেন যে, পুলিশ বাহিনীকে একটি শৃঙ্খলিত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাহিনীতে রূপান্তর করা হবে, যা প্রকৃত অর্থেই একটি ‘জনপ্রত্যাশিত’ বাহিনী হিসেবে পরিচিতি পাবে।
ডিআর




Comments