Image description

পহেলা বৈশাখ মানেই বাঙালির চিরায়ত পান্তা-ইলিশের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার বাজারগুলোতে ইলিশের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাম। বর্তমানে ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশের কেজি ঠেকেছে ১৪০০ টাকায়।

শনিবার (১১ এপ্রিল) পূবাইলের মীরের বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, উৎসবের আমেজকে পুঁজি করে ইলিশের দামে রীতিমতো ‘ঝাঁজ’ ছড়াচ্ছেন বিক্রেতারা। বাজারে পদ্মার ইলিশ হিসেবে পরিচিত ৪০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি দরে। আর ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজিতে। এছাড়া মাছের আকার ও মানভেদে অন্যান্য ইলিশ ৬০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে আসা ক্রেতারা জানান, মাছের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ইলিশ কেনার ইচ্ছা থাকলেও দাম শুনে অন্য মাছের দিকে ঝুঁকছেন। অনেক ক্রেতা জানান, আগে যেখানে উৎসবের জন্য ২-৩টি মাছ কিনতেন, এখন সামর্থ্য না থাকায় মাত্র একটি কিনছেন।

মীরের বাজারের এক মাছ বিক্রেতা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে পাইকারি বাজারে ইলিশের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারে দাম বেশি। তবে তিনি দাবি করেন, এগুলো পদ্মার আসল ইলিশ হওয়ায় এর স্বাদ ও ঘ্রাণ আলাদা, তাই দামও একটু চড়া। উৎসবের আমেজ শেষ হলে দাম আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান তিনি।

ঐতিহ্য রক্ষায় সামর্থ্যবানরা চড়া দামে ইলিশ কিনলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য এবারের বৈশাখে ইলিশের স্বাদ নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মানবকণ্ঠ/ডিআর