Image description

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কারিগর। বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন ভবিষ্যতে দেশের জ্বালানি সংকট নিরসনে এক মাইলফলক হিসেবে কাজ করবে।

শনিবার (১১ এপ্রিল) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জ্ঞানভিত্তিক সমাজ ও উন্নত দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকার প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিকেলে প্রতিমন্ত্রী হাটহাজারীর চৌধুরীহাট জিসি রোড (দাতারাম সড়ক) সংস্কারসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে গুমানমর্দ্দন সড়ক উন্নয়ন এবং আনন্দ বাজার ব্রিজ থেকে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি নির্মাণকাজ।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিগত দেড় মাসে হাটহাজারীতে যে পরিমাণ উন্নয়ন কাজ শুরু হয়েছে, তা পূর্ববর্তী অনেক বছরের তুলনায় বেশি। আমাদের লক্ষ্য হলো টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হিন্দু ও বৌদ্ধসহ সব ধর্মাবলম্বীর উপাসনালয়ের উন্নয়নেও নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, ব্যক্তিস্বার্থ নয়, জনগণের সেবাই হওয়া উচিত মূল লক্ষ্য। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা জনগণের ভোগান্তি সহ্য করা হবে না।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব গিয়াস উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর