চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের একটি দল কাস্টমস হলে বিশেষ অভিযান চালায়। এসময় দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’-এর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যাগে অভিনব কায়দায় লুকানো ২০০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেটের চালানটি বর্তমানে কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। আটককৃত যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাস্টমস ও গোয়েন্দা শাখা থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments