সালথায় সম্পত্তির লোভে মাকে পিটিয়ে রক্তাক্ত করলো সৎ সন্তানরা
ফরিদপুরের সালথায় পৈতৃক সম্পত্তি ও বসতভিটা নিয়ে বিরোধের জেরে গ্রাম্য সালিশের মধ্যেই মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার তিন সৎ ছেলের বিরুদ্ধে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওই বৃদ্ধার আপন ছেলেও।
রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগম ও তার ছেলে আব্দুর রাজ্জাককে (২৯) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের সাথে তার সৎ ছেলে হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বরের (৪০) জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত শনিবার সৎ সন্তানরা মনোয়ারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি মীমাংসার জন্য রোববার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই গ্রামেই একটি সালিশ বৈঠকের আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশের আলোচনা চলাকালীন হঠাৎ ক্ষিপ্ত হয়ে হিরু, রিপন ও ফিরোজ তাদের সৎ মা মনোয়ারা বেগমের ওপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে বৃদ্ধার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গিয়ে আপন ছেলে আব্দুর রাজ্জাকও জখম হন। ঘটনার পর গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments