Image description

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তিনি সড়কপথে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান।

বন্দর কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়। এরপর মন্ত্রী সরাসরি টেকনাফ স্থলবন্দরের জেটিঘাট পরিদর্শন করেন। তিনি বন্দরের গুদাম, বিভিন্ন ভবন এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এছাড়া বন্দর ভবনের ছাদে উঠে নাফ নদীর জলসীমা ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বলেন, "পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘ সময় ধরে স্থলবন্দরের বাণিজ্য ও কার্যক্রমে যে স্থবিরতা বিরাজ করছে, সে সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়।"

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশরসহ জেলা প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর