জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় কৃষিবিদ জিয়াউল হক জিয়া (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জিয়াউল হক জিয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জিয়াউল হক জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ বোধ করলে আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। জামালপুর থেকে ময়মনসিংহে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।"
নিহত নেতার ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, তিনি নিজেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে অসুস্থ। তার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকলেও কারাবন্দি অবস্থায় এমন মৃত্যুতে পরিবার শোকাহত।
বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments