Image description

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি পৌঁছায়।

জাহাজ ‘কুইচি’ থেকে বৃহস্পতিবার দুপুর থেকেই তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছে স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন। চলতি এপ্রিল মাসে এটি অকটেনবাহী তৃতীয় চালান।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে এ মাসে এসেছে প্রায় ৭৯ হাজার টন অকটেন।

দৈনিক গড়ে ১২শ টন চাহিদা বিবেচনায় এই পরিমাণ অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় জ্বালানি সরবরাহ সচল রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও জানান, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় একসাথে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমেও কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে।