ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই পুলিশের হাতে আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মুক্তির খবর জানান তারা।
শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তারা। বিক্ষোভকারীরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছিলেন।
শনিবার বিকেল ৪টার দিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব দৃশ্যে ইমরান, লেখা ও জায়েনকে পুলিশের একটি ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। আটকের পর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তিন অভিনেতা। শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে জানান, তারা মুক্তি পেয়েছেন এবং নিরাপদে আছেন।
তবে মুক্তির পরও ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেন লেখা। তার দাবি, বাড়ি ফেরার জন্য তারা কোনো ক্যাব বুক করতে পারছিলেন না। তাদের নিয়ে যেতে রাজি হওয়া চালকদের মুম্বাই পুলিশ ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।




Comments