জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার আবাসিক হলের কক্ষ থেকে হাতে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে।
এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া মোহাইমিনুলের নিখোঁজ হওয়ার পেছনে সংশ্লিষ্ট বিভাগের কোনো দায় আছে কিনা তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে মোহাইমিনুলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন সহপাঠীরা। পরে তার কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায় মোহাইমিনুল ইসলামকে। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার স্থায়ী বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি এলাকায়।
মোহাইমিনুলের একাডেমিক বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চতুর্থ বর্ষের একটি কোর্সে তার ফেল এসেছিল। এ কারণে চলতি বছর ওই কোর্সের রিটেক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি প্রায় ছয় মাস ধরে মাস্টার্সের ক্লাসও করছিলেন। কয়েক দিন আগে তাকে জানানো হয়, চতুর্থ বর্ষের বিষয়ের পরীক্ষা আবার দিতে হবে।
সহপাঠীদের ভাষ্য, কক্ষে পাওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন, শিক্ষক এবং পারিবারিক বিষয় নিয়ে হতাশার কথা উল্লেখ রয়েছে। যেখানে তার এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে বিভাগের শিক্ষকদের অভিযুক্ত করা হয় বলেও জানানো হয়।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের বলেন, আমি তার (মোহাইমিনুল) ব্যাপারে খোঁজ নিয়েছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধারের চেষ্টা করতেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। পুলিশকে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চিঠিতে বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহবুব কবিরকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।
এসএস




Comments