স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে দলীয় সংসদ সদস্যদের কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চলে বৈঠকটি। এতে সংসদ পরিচালনা, সরকারের কার্যক্রম, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চিফ হুইপ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম ব্যক্তিরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সবাইকে দলের শৃঙ্খলার মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দল।
তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা নেই। কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় করে পার পেয়ে যাবেন—এমন সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপির নেতাকর্মী ও সংসদ সদস্যদের সক্রিয়ভাবে পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যাতে সমস্যায় না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৈঠকে সংসদ সদস্যদের দায়িত্ব, সরকারের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া আগামী ৭ নভেম্বর পালনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ। তবে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বৈঠকে আলোচনা হয়নি জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, কেউ রাজনীতিতে ফিরতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে সচেতন রয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শ্রমিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে।
এসএস




Comments