Image description

সিলেটের বিশ্বনাথে পাওনা টাকাকে কেন্দ্র করে মিজানুর রহমান নামে এক যুবকের কুড়ালের আঘাতে খুন হয়েছেন হযরত হানিফ শাহ মাওলা চিশতি (রঃ) মাজারের খাদেম শাহ আলম (২৪)। বুধবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ছিফত আলীর ছেলে। তিনি নিজ বাড়ির মাজারের খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় ঘাতক মিজানুর রহমানকে (৩২) আটক করেছে পুলিশ। সে রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান পূর্ব পরিচিত এবং বন্ধুসুলভ সম্পর্ক ছিল। শাহ আলম মিজানের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। বুধবার দুপুরে ওই টাকা আনতে মিজানের বাড়িতে যান তিনি। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে মিজান উত্তেজিত হয়ে ধারালো কুড়াল দিয়ে শাহ আলমের কাঁধে ও ঘাড়ে আঘাত করেন। এতে শাহ আলম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক মিজানুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার ও ঘাতককে আটক করা হয়েছে। নিহতের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে শাহ আলমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা আনোয়ার বেগম ও বড় ভাই শাহ জাহান চিশতি ঘাতক মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর