মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। এ ঘটনায় বাবাকে বাঁচাতে গিয়ে ঘাতক ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকল মিয়া ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা আকল মিয়ার সাথে ছোট ছেলে মো. মুশফিকুর রহমান মশিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মশিক উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বাবার ডান পাঁজরের নিচে আঘাত করেন। এতে বৃদ্ধ আকল মিয়া রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বড় ভাই শহিদুর মিয়া বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে মশিক তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার প্রায় দুই ঘণ্টার মাথায় বিকেল ৪টার দিকে র্যাব-৯ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments