Image description

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফিলিং স্টেশনে নিয়ম ভেঙে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই পুলিশ সদস্যসহ মোট তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ।

অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম জ্বালানি তেলের সিরিয়াল ও নিয়ম ভঙ্গ করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে ধরে ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া একই স্থানে আইন অমান্যের দায়ে আরও দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত সরকারি ট্যাগ অফিসাররা এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের কিছু ব্যক্তি নির্দেশনা মানছেন না এবং প্রভাব খাটিয়ে আগে তেল নেওয়ার চেষ্টা করছেন। এমনকি ফিলিং স্টেশনে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যরাও মাঝে মাঝে যথাযথ ভূমিকা পালন করছেন না বলে তারা দাবি করেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযানকালে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকরে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—এটি নিশ্চিত করতেই দায়িত্বরত পুলিশ সদস্যকেও জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সঠিক বণ্টন এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর