রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘নবম ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশনস)’। রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)-এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চার দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’। সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এবং আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে সম্যক ধারণা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তরুণদের নেতৃত্বগুণ বিকাশে একটি অনন্য প্ল্যাটফর্ম।”
আরইউমুনার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম জানান, সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মোট আটটি কমিটিতে বিভক্ত হয়ে কাজ করছেন। প্রতিটি কমিটির আলোচ্য বিষয় মূল প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিনিধিরা বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক করবেন।
সম্মেলনে অংশ নেওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. রোহান বলেন, “ছায়া জাতিসংঘ সম্মেলন আমাদের আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের একটি বড় ক্ষেত্র তৈরি হয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম। এছাড়া আরইউমুনার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগামী ১৯ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক ছাত্র সম্মেলনের।
মানবকণ্ঠ/ডিআর




Comments