Image description

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। মেডিকেল কলেজটির নতুন নাম রাখা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই মেডিকেল কলেজটি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নামে নামকরণ করা হয়েছিল। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং স্বাধীনতার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যায় নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনি অন্যতম।