পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্ত কেবল কাগজে-কলমে, সুফল বঞ্চিত সাধারণ মানুষ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা যেন কেবলই এক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। প্রতি মাসে নিয়ম করে সভা অনুষ্ঠিত হলেও সেখানে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন না থাকায় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সভায় মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার অন্যতম উদাহরণ গত ১৩ এপ্রিলের ঘটনা। উপজেলার রাঘবপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে রাধা রাণী নামে ১৬ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, ৩ লাখ টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে হলেও ৫০ হাজার টাকা বাকি থাকায় তাঁর ওপর চলত অমানুষিক নির্যাতন। পরিবারের অভিযোগ, যৌতুকের পাওনা টাকার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের কথা বারবার বলা হলেও মাঠপর্যায়ে ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত আইনি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
পীরগঞ্জের অভিভাবকদের জন্য বর্তমানে বড় আতঙ্কের নাম ‘মাদক’। উপজেলার পাড়া-মহল্লায় উঠতি বয়সী কিশোররা আশঙ্কাজনক হারে মাদকের জালে জড়িয়ে পড়ছে। পুলিশ মাঝেমধ্যে ছোটখাটো অভিযান চালালেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ বা অভিভাবক সমাবেশ চোখে পড়ছে না।
এছাড়া উপজেলার টাঙ্গন নদী থেকে অবাধে অবৈধ বালু উত্তোলন চলছেই। সভায় বারবার বালু দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি উঠলেও তা তোয়াক্কা করছে না প্রভাবশালীরা। অন্যদিকে, পীরগঞ্জ পৌরশহরে তীব্র যানজট এখন নিত্যদিনের চিত্র। বিশেষ করে বিকেলের পর প্রধান সড়কগুলোতে চলাচল করা দুরূহ হয়ে পড়ে। যানজট নিরসনে কার্যকরী কোনো ট্রাফিক ব্যবস্থাপনা দৃশ্যমান নেই।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় পুনরায় চুরি, মাদক, বাল্যবিবাহ, যানজট এবং বালু উত্তোলন প্রতিরোধের পুরোনো সিদ্ধান্তগুলোই নেওয়া হয়। সভায় শহরকে নিরাপদ রাখতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও আলোচনায় আসে।
তবে স্থানীয় বাসিন্দারা এসব সিদ্ধান্তকে ‘কাগুজে প্রতিশ্রুতি’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, শুধু সভা করলেই অপরাধ কমে না, প্রয়োজন কঠোর প্রয়োগ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, “সভায় গৃহীত সিদ্ধান্তগুলো ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হওয়ার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments