Image description

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়ক সংলগ্ন আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গাড়িতে জ্বালানি নেওয়ার জন্য এমপি পাম্পে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বেশ কিছুক্ষণ তাকে অবরুদ্ধ করেও রাখে।

এই ঘটনার জন্য স্থানীয় বিএনপিকে দুষছেন উপজেলা জামায়াতের নেতারা। তাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী এই অতর্কিত হামলা চালিয়েছেন। তারা এমপির গাড়ি ভাঙচুরের পাশাপাশি তার ওপরও আক্রমণের চেষ্টা চালান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি তৈরি হয়। তবে স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় নিজেদের কর্মীদের জড়িত থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন।

হামলার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে জানান, "হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা করে ও ভাঙচুর চালায়। পরে তারা আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলে।"

ঘটনার খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, কারা এই হামলার পেছনে রয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/আরআই