জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার নির্ধারিত নতুন বাস ভাড়া দেশের বিভিন্ন স্থানে কার্যকর হলেও সিলেট অঞ্চলের সকল রুটে এখনো পুরোনো ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে বলে প্রত্যাশা করছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তেলের দাম বাড়ার পর গত বুধবার সারা দেশে কিলোমিটারে ১১ পয়সা হারে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিলেটের পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার চূড়ান্ত তালিকা বা চার্ট হাতে না পাওয়ায় তারা এখনো পুরোনো ভাড়ায় যাত্রী পরিবহন করছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতানা তারেক জানান, নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্থানীয় পর্যায়ে তদারকি শুরু হয়নি। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই সব রুটে এটি কার্যকর করা হবে।
সিলেটের কদমতলীস্থ এনা বাস কাউন্টারের জিএম গোলাম মোস্তফা জানান, সিলেট-ঢাকা রুটে এখন পর্যন্ত আগের নির্ধারিত ৬৭০ টাকাই ভাড়া নেওয়া হচ্ছে। নতুন ভাড়ার গেজেট বা নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। তবে রোববার নাগাদ নতুন ভাড়া কার্যকরের মৌখিক আভাস পেয়েছেন তারা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, "কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের ভাড়ার তালিকাটি সমন্বয়ের কাজ চলছে। আশা করছি রোববার থেকে যাত্রীরা নতুন চার্ট অনুযায়ী ভাড়া দেবেন।"
পরিবহন নেতাদের মতে, গেজেট হাতে পাওয়ার পর সব কাউন্টারে নতুন ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে, যাতে যাত্রী ও শ্রমিকদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments