ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে মারা যাওয়া এই শিশুটি জেলার ত্রিশাল উপজেলা থেকে এসেছিল। এ নিয়ে গত এক মাসে এই হাসপাতালে হাম ও এর উপসর্গে মোট ১৭ জন শিশুর মৃত্যু হলো।
রোববার (২৬ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ত্রিশাল থেকে সাড়ে তিন বছর বয়সী ওই মেয়ে শিশুটিকে হামের উপসর্গ ও তীব্র নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ডা. মোহাম্মদ গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ জন শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে হাসপাতালে মোট ৮৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ জন শিশু। এ পর্যন্ত মোট ৭৫৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, "হামের প্রকোপ মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের ৮তলায় ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে তিনটি বিশেষজ্ঞ মেডিকেল টিম পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। চিকিৎসক ও নার্সরা অত্যন্ত আন্তরিকতার সাথে শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।"
মানবকণ্ঠ/ডিআর




Comments