চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুর খয়রাবাদ এলাকার ‘রায়হান ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল শওকত নাচোল থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ওই ফিলিং স্টেশনে যান। এসময় স্টেশনের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মালিক আব্দুল্লাহ আল রায়হান তাকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে পেটান।
খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শওকতকে উদ্ধার করে। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্ত রায়হান বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, অত্যন্ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।




Comments