জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন এক চমক। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি এই অ্যাপের মাধ্যমেই তাদের প্রিপেইড মোবাইল ফোন রিচার্জ করতে পারবেন। এর ফলে রিচার্জের জন্য ব্যবহারকারীদের আর আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না।
মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের অ্যাপে ডিজিটাল পেমেন্ট সেবা ‘হোয়াটসঅ্যাপ পে’ যুক্ত করেছে। ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা আদান-প্রদান এবং বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা আগে থেকেই ছিল। ব্যবহারকারীদের মাঝে এসব ফিচারের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার মোবাইল রিচার্জ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেটা।
যেভাবে রিচার্জ করা যাবে:
নতুন এই সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল থাকতে হবে। ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন অথবা অ্যাপের মেনু থেকে ‘পেমেন্ট’ অপশনে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ ফিচারটি বেছে নিতে পারবেন। এরপর নির্দিষ্ট মোবাইল নম্বর ও অপারেটর নির্বাচন করে নিজের পছন্দমতো রিচার্জ প্ল্যান অনুযায়ী অর্থ পরিশোধ করা যাবে।
রিচার্জের অর্থ পরিশোধের ক্ষেত্রেও ইউপিআই পদ্ধতি ব্যবহার করতে হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকেই হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত আছে, তারা সরাসরি পেমেন্ট করতে পারবেন। আর যাদের যুক্ত নেই, তারা নতুন করে ব্যাংক ভেরিফিকেশন সম্পন্ন করে এই সেবা নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার যুক্ত হওয়ার ফলে হোয়াটসঅ্যাপ একটি পূর্ণাঙ্গ ‘সুপার অ্যাপ’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এতে ব্যবহারকারীদের ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা কমে আসবে। খুব শীঘ্রই বিশ্বজুড়ে পর্যায়ক্রমে এই ফিচারটি উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments