Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় নিজ ঘরের ভেতরে কুলসুম বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনে পূবাইল থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই-এর বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে।

নিহত কুলসুম বেগম মেঘডুবি এলাকার মৃত আতাব উদ্দিন কাজীর মেয়ে। তিনি নিজ বাড়ির পাশেই একটি ছোট দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে কুলসুম বেগমের কোনো সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়ারা চিন্তিত হয়ে পড়েন। রাত আনুমানিক ৮টার দিকে তাঁরা বারবার ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত টিনের বেড়া টপকে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের খাটের ওপর কুলসুমের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সিআইডি ও পিবিআই-এর ফরেনসিক ও ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশের প্রাথমিক ধারণা, দুপুর থেকে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক সোমবার (২৭ এপ্রিল) সকালে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও ধরন সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, “এখনো পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার ক্লু খুঁজতে সিআইডি, পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে নিবিড় তদন্ত চালাচ্ছে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে নিজ ঘরের ভেতর এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর