Image description

নেত্রকোণায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবা, ল্যাপটপ ও নগদ টাকাসহ একই পরিবারের তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে নেত্রকোণা মডেল থানা পুলিশ সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তাঁরা নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার বাসিন্দা এবং পরস্পর আত্মীয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নেত্রকোণা মডেল থানায় আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার। তিনি জানান, পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে এসআই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস দল রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ওই বাড়ি থেকে ৯৪০ পিস ইয়াবা বড়ি, দুটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মানবকণ্ঠ/ডিআর