Image description

দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সংযোজনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন কারখানাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, “দেশে বর্তমানে রেল সেবার পরিধি দ্রুত বাড়ছে, সেই সাথে বাড়ছে কোচের সংখ্যাও। ইতোমধ্যে ভারত থেকে আরও ২০০টি কোচ আমদানির প্রক্রিয়া চলছে। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানার মেরামত সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে কারখানাটির কোচ মেরামত সক্ষমতা বাড়িয়ে প্রায় তিনগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যমান অবকাঠামোকে সঠিক ও পরিকল্পিতভাবে কাজে লাগিয়েই এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। সময়ের চাহিদাপূরণে কারখানাটিকে ঢেলে সাজানো হবে এবং এই মেগা প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে মহাপরিচালক কারখানায় পৌঁছালে বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ডিজি কারখানার বিভিন্ন বিভাগ ও শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ডিজির সাথে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএল) এফ. এম. মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর