হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও প্রবল বর্ষণে বলভদ্র সেতুর সংযোগ সড়কের একটি বড় অংশে ধস দেখা দিয়েছে। এতে করে সেতুর সংযোগস্থলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে প্রাণ হাতে নিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় সড়কটি পুরোপুরি ধসে গিয়ে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বৃষ্টির তোড়ে উপজেলার মোরাকরি এলাকায় অবস্থিত বলভদ্র সেতুর গোড়ায় রাস্তার মাটি সরে গিয়ে এই বিশাল গর্ত ও ধসের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, লাখাই উপজেলার সাথে যোগাযোগের প্রধান এই সড়কের সেতুর গোড়ার দিকের মাটি সরে গিয়ে পিচঢালা রাস্তার একাংশ প্রায় শূন্যে ঝুলে আছে। ঝুঁকিপূর্ণ এই অংশ দিয়েই বাস, ট্রাক, সিএনজি ও ছোট-বড় শত শত যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় যানবাহন খাদে পড়ে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়েছে।
উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বলভদ্র সেতুটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও শত শত মালবাহী যান এই পথ ব্যবহার করে। ধসে যাওয়া অংশটি এখনই মেরামত না করলে উপজেলাবাসী চরম দুর্ভোগে পড়বে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। তিনি বলেন, "জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। ধসে যাওয়া অংশটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"
ভুক্তভোগী চালক ও সাধারণ মানুষের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments